NEET-UG প্রশ্নফাঁস ও পরীক্ষা প্রক্রিয়া নিয়ে বিতর্কের আবহে এবার মুখ খুললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে দেশজুড়ে ছাত্র আন্দোলন চললেও, সচিন কোনও রাজনৈতিক অবস্থান না নিয়ে শিক্ষাব্যবস্থায় সততা, মেধা এবং কঠোর পরিশ্রমের মূল্যায়নের উপর জোর দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া তাঁর বার্তা ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বৃহস্পতিবার নিজের এক্স (X) হ্যান্ডলে সচিন লেখেন, তাঁর বাবা, যিনি একজন অধ্যাপক ছিলেন, ছোটবেলা থেকেই তাঁকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষা স্মরণ করিয়ে তিনি লেখেন, “ব্যর্থ হওয়া মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। কখনও শর্টকাট বেছে নেবে না।” তাঁর মতে, এই মূল্যবোধই আজও সমানভাবে প্রাসঙ্গিক।
সচিনের বক্তব্য, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হলে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে ফলাফলের চেয়ে পরিশ্রম এবং যোগ্যতাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। যদি মানুষ মনে করে কঠোর পরিশ্রমের বদলে অন্য পথে সাফল্য পাওয়া সম্ভব, তাহলে মেধার পরিবর্তে শর্টকাটের প্রবণতা বাড়বে।
তিনি আরও লেখেন, আজ যদি ছাত্রছাত্রীরা মনে করেন তাঁদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি, তাহলে তাঁদের হতাশ হওয়াটা স্বাভাবিক। তাই এমন একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে প্রতিটি যোগ্য শিক্ষার্থী নিজের মেধার ভিত্তিতে মূল্যায়িত হবে এবং ভবিষ্যতে কাউকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেছেন সচিন। তাঁর মতে, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব এই প্রজন্মের উপরই নির্ভর করছে। তাই তাঁদের আত্মবিশ্বাস, স্বপ্ন এবং পরিশ্রমকে সম্মান জানানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।
বার্তার শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, “আমি নিশ্চিত, আমরা এমন একটি সমাধান খুঁজে বের করতে পারব, যা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে এবং তাদের স্বপ্নপূরণের আশা অটুট রাখবে। জয় হিন্দ।”
উল্লেখ্য, NEET-UG-কে ঘিরে বিতর্কের মধ্যে এর আগে ফুটবলার সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad), লালরিনজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte) এবং অলিম্পিক স্বর্ণপদকজয়ী অভিনব বিন্দ্রা (Abhinav Bindra)-সহ একাধিক ক্রীড়াবিদও শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে প্রকাশ্যে মতামত জানিয়েছিলেন। সেই তালিকায় এবার যোগ হলেন ক্রিকেটের ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকর।


Leave a Comment