আগরতলা, ১২ আগস্ট: রাজধানীর বনেদি মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন মন্তব্য ও অনভিপ্রেত আচরণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযুক্ত শিক্ষকের নাম উত্তম মজুমদার।
অভিযোগ, বিভিন্ন সময়ে তিনি ছাত্রীদের উদ্দেশে কটূক্তি করতেন। এমনকি ছাত্রীদের নাচের পোশাক নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। পাশাপাশি মোবাইল ফোনে মেসেজ পাঠানো এবং ছাত্রীদের পার্কে যাওয়ার প্রস্তাব দেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে।
এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুপুরে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এবং সড়ক অবরোধ করে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের গেটেও তালা লাগিয়ে দেওয়া হয়। আন্দোলনে এমবিবি কলেজ ও বিবিএম কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরাও যোগ দেন। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে স্লোগান দেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির পাশাপাশি তাঁকে অবিলম্বে বিদ্যালয় থেকে সরানোর দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ ও কলেজটিলা ফাঁড়ির পুলিশ। দীর্ঘক্ষণ ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
অভিযোগগুলির সত্যতা কতটা, তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন নজর তদন্তের ফলাফলের দিকে।
Leave a Comment