---Advertisement---

উদীয়মান ফুটবলারদের নিয়ে ভারতে আসতে চান ব্রাজিল কোচ আনসেলোত্তি

By Suman Debnath

August 2, 2026 1:20 PM

উদীয়মান ফুটবলারদের নিয়ে ভারতে আসতে চান ব্রাজিল কোচ আনসেলোত্তি

---Advertisement---


যদি ভেবে থাকেন ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক বিশ্বকাপে খেলা ব্রাজিলের সব তারকা ফুটবলারদের দেখতে পাবেন, তা হলে বোধহয় আপনি বা আপনারা একটু বেশিই চেয়ে ফেলছেন। কারণ, ব্রাজিলের কোচ নিজেই জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের নতুন ও উদীয়মান ফুটবলারদের পরখ করে নিতেই তাদের অস্ট্রেলিয়া ও ভারত সফর। বিশ্বাস না হলেও এটাই সত্যি।

ভারত বনাম ব্রাজিল ম্যাচের ঘোষণা বৃহস্পতিবার রাতেই করা হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফ থেকে। তার আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনও (CBF) সফরের বিষয়টি নিশ্চিত করে। সে দিন মোহনবাগান দিবসের মঞ্চ থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-ও জানিয়ে দেন, ম্যাচটি আগামী ৩ অক্টোবর হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

ফিফা ক্রমতালিকায় পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ১৩৮ নম্বরে থাকা ভারত। ১৯৯২-এর পর এটিই হবে ফিফা র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ স্থানাধিকারী কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের ম্যাচ। এই সময়ে সেরা পাঁচে থাকা কোনো দলের বিরুদ্ধে খেলেনি ভারত।

আরও পড়ুন:  বিশ্বকাপে রেফারি ও ভার-এর কাণ্ডকারখানা নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চনও! কী বলছেন তিনি?

সেপ্টেম্বর-অক্টোবরে এই ফিফা উইন্ডোয় ভারতের ফিফা আসিয়ান কাপেও খেলার কথা। তাই ব্রাজিল ম্যাচের মহড়া তারা এই টুর্নামেন্টেই সেরে নিতে পারবে।

কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনদ্রিক, কুনহা, পাকেতা, কাসেমিরো, মার্তিনেলিদের মতো সেরা ব্রাজিলীয় তারকাদের কি সেই ম্যাচে যুবভারতীর সবুজ গালিচায় খেলতে দেখা যাবে? বোধহয় না। ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তির সাম্প্রতিক বিবৃতিতেই তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে।

ব্রাজিলের ফুটবল ফেডারেশনের (CBF) অফিসিয়াল ওয়েবসাইটে তাদের সিনিয়র দলের অস্ট্রেলিয়া ও ভারত সফর নিয়ে হেড কোচ কার্লো আনসেলোত্তি জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচগুলি জাতীয় দলে নতুন ফুটবলারদের সুযোগ দেওয়ার আদর্শ মঞ্চ। পাশাপাশি ব্রাজিলের বিভিন্ন বয়সভিত্তিক দলের মধ্যে সমন্বয় গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেছেন তিনি।

আনসেলোত্তি বলেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচের মাধ্যমে আমরা জাতীয় দলের নতুন একটি অধ্যায় শুরু করব। আগামী কয়েক বছরের লক্ষ্য— ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখেই দল গড়ে তোলা হবে। এই তিনটি প্রীতি ম্যাচকে আমরা কাজে লাগাব জাতীয় দলে নতুন, বিশেষ করে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার জন্য, যাতে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে এবং আগামী দিনে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারে’।

আরও পড়ুন:  শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে দেবদত্ত পাডিক্কালের দাপট, ১৪২ রানে অপরাজিত, লড়াইয়ে ফিরল ভারত, টেস্ট সিরিজে নেই সাই সুদর্শনও

কোচের এই বিবৃতি থেকেই স্পষ্ট, ভারতে কাদের নিয়ে আসতে চলেছেন আনসেলোত্তি।

তিনি এই সফর প্রসঙ্গে আরো বলেন, ‘বয়সভিত্তিক দলগুলির সঙ্গে সমন্বয় এবং অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের পারফরম্যান্সের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে, মাত্র চার বছর আগে রায়ান অনূর্ধ্ব-১৭ দলে খেলত এবং সে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল। অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে। পাশাপাশি পরবর্তী অলিম্পিকের প্রস্তুতিকেও কাজে লাগাতে হবে, কারণ সেই দলের অনেক ফুটবলারই ভবিষ্যতে ২০৩০ সালের বিশ্বকাপে ব্রাজিলের সিনিয়র দলে খেলতে পারে’।

মূলত এঁদের নিয়েই যে ভারত সফরে আসতে চান আনসেলোত্তি, এই বিবৃতিতেই তা স্পষ্ট।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment