---Advertisement---

পকসো মামলায় সময়সীমা বেঁধে কাজ করতে হবে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত লালবাজারের

By Suman Debnath

August 7, 2026 7:30 PM

পকসো মামলায় সময়সীমা বেঁধে কাজ করতে হবে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত লালবাজারের

---Advertisement---


নারী নিরাপত্তায় জোর দিতে হবে। নারীদের উপর যদি কোনও নির্যাতন হয় তাহলে দ্রুত পদক্ষেপ করতে হবে। নারী নির্যাতনে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। রাজ্যে পালাবদলের পর নারী নির্যাতনে অভিযুক্তদের রেয়াত করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার পকসো মামলার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর এই পথেই হাঁটতে চলেছে কলকাতা পুলিশের সদর দপ্তর। এবার সরকার গঠনের পর পকসো মামলায় তদন্ত দ্রুত শেষ করে আদালতে চার্জশিট পেশ করার উপর বিশেষ জোর দিচ্ছে বলে লালবাজার সূত্রে খবর।

নাবালিকাদের উপর যৌন নির্যাতন হয়ে থাকে। তাতে পকসো ধারায় মামলা দায়ের হয়। কিন্তু অনেক সময়ই দেখা যায়, ওই মামলায় গড়িমসি হচ্ছে। এবার থেকে আর তা করা যাবে না। রাজ্যে বিজেপি সরকার গঠনের আগে কলকাতা পুলিশের নানা থানায় একাধিক পকসো মামলার চার্জশিট বহুদিন ধরে বকেয়া ছিল বলে পুলিশ সূত্রে খবর। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের একটা বৈঠকও হয়। ওই বৈঠকে নারী এবং নাবালিকাদের উপর যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ এবং মামলার তদন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার উপর জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  করুণাময়ী থেকে দিল্লি ও বেঙ্গালুরু-সহ চার শহরে নতুন আন্তঃরাজ্য বাস পরিষেবা

লালবাজার সূত্রে খবর, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে পর্যন্ত কলকাতা পুলিশের একাধিক থানায় মোট ৭৭টি পকসো মামলার চার্জশিট বাকি ছিল। নিয়ম হচ্ছে, পকসো মামলা দায়েরের পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট পেশ করতে হবে। যদিও আগের সরকারের আমলে সেই প্রক্রিয়ায় বিলম্ব হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এবার কড়া পদক্ষেপ করা হয়েছে। আর তার জেরে গত দু’সপ্তাহে ২৩টি পকসো মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। এখনও ৫৪টি মামলার চার্জশিট বাকি রয়েছে। সেই বাকি মামলাগুলির তদন্ত দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। চার্জশিট জমা না দেওয়া পর্যন্ত মামলাগুলির অগ্রগতি নিয়মিত নজরদারিতে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  নিট পরীক্ষায় সেরা ১০০ জনকে সংবর্ধনার সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী দেবেন ল্যাপটপ

তাছাড়া অভিযুক্তদের গ্রেপ্তার করার ক্ষেত্রেও কড়া বার্তা দিয়েছে লালবাজার। কোনও মামলায় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকলে সেটা দ্রুত কার্যকর করার জন্য ডেপুটি কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। ডেপুটি কমিশনারদের মাধ্যমে সংশ্লিষ্ট থানার ওসিদেরও উপযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে। পকসো মামলার তদন্তে বিলম্ব বরদাস্ত করা হবে না। নারী ও নাবালিকাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় দ্রুত তদন্ত, চার্জশিট এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপকে সামনে রেখে কলকাতা পুলিশকে আরও সক্রিয় করার উদ্যোগ শুরু হয়েছে। দু’সপ্তাহে ২৩টি মামলায় চার্জশিট হয়েছে। এবার নজর বাকি ৫৪টিতে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment