---Advertisement---

চোখের চিকিৎসায় বিদেশযাত্রায় অনুমতি নয়, অভিষেককে এসএসকেএমে দেখানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের

By Suman Debnath

August 5, 2026 12:10 PM

চোখের চিকিৎসায় বিদেশযাত্রায় অনুমতি নয়, অভিষেককে এসএসকেএমে দেখানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের

---Advertisement---


তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন শেষ পর্যন্ত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharyya)-এর একক বেঞ্চ জানায়, প্রথমে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)-এর বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের মতামত নিতে হবে। তবে আদালতেই অভিষেকের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না। এরপরই বিচারপতি মামলাটি খারিজ করে দেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে বিষয়টি সুপ্রিম কোর্ট (Supreme Court)-এ ওঠে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চ মামলাটি পুনরায় কলকাতা হাই কোর্টে পাঠিয়ে সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই বুধবার মামলার শুনানি হয়।

শুনানিতে অভিষেকের পক্ষে প্রবীণ আইনজীবী রেবেকা ম্যামেন জন (Rebecca Mammen John) আদালতে দাবি করেন, অতীতেও তদন্তকারী সংস্থার অনুমতি নিয়ে তাঁর মক্কেল চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তিনি জানান, অর্থ পাচার প্রতিরোধ আইনের (PMLA) মামলার সময়ও সুপ্রিম কোর্ট অভিষেককে বিদেশে চিকিৎসার অনুমতি দিয়েছিল এবং তদন্তকারী সংস্থার তরফেও কোনও আপত্তি ছিল না।

আরও পড়ুন:  কন্যাশ্রী প্রকল্পের নাম বদল হচ্ছে, নতুন নামকরণ কী? ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আইনজীবী আরও বলেন, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১২ বার বিদেশ সফর করেছেন এবং প্রতিবারই নির্ধারিত সময়ে দেশে ফিরে এসেছেন। এমনকি ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত সরকারের প্রতিনিধিদলের সদস্য হিসেবেও বিদেশ সফরে গিয়েছিলেন। তাঁর বক্তব্য, অভিষেকের পালিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ তাঁর পরিবার কলকাতাতেই রয়েছে এবং তিনি তদন্তে সবসময় সহযোগিতা করেছেন।

অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার (Rajdeep Majumdar) আদালতে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে বিদেশে যাওয়ার অনুমতি দিলে বিচারপ্রক্রিয়া ও তদন্তে প্রভাব পড়তে পারে।

দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, চিকিৎসা পাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যদি কলকাতা বা দেশের অন্য কোনও চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব হয়, তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। সেই কারণেই তিনি এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেন।

আরও পড়ুন:  ‘সাংবাদিকদের উপর হামলাকারীরা ছাত্র নয়, জামাতি-মৌলবাদী’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আদালতের নির্দেশ ছিল, বৃহস্পতিবার দুপুর ২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হয়ে পরীক্ষা করাতে হবে। বোর্ড যদি জানায় যে ভারতে এই চিকিৎসা সম্ভব নয়, তবেই বিদেশে চিকিৎসার আবেদন বিবেচনা করা হবে। কিন্তু আদালতেই অভিষেকের আইনজীবী জানিয়ে দেন, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না।

এই অবস্থান জানার পর বিচারপতি ভট্টাচার্য আর কোনও নির্দেশ না দিয়ে সরাসরি মামলাটি খারিজ করে দেন। ফলে আপাতত চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment