আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি নেই, বরং বিদ্যুৎ ক্ষেত্রে অব্যবস্থাপনার ফল সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে—এমনই অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মানিক সরকারের দাবি, পূর্বতন বামফ্রন্ট সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের ফলে ত্রিপুরা বিদ্যুৎ-উদ্বৃত্ত রাজ্যে পরিণত হয়েছিল। বর্তমানে উৎপাদন থাকা সত্ত্বেও বণ্টন ব্যবস্থা, বিদ্যুৎ লাইন ও পরিকাঠামোর রক্ষণাবেক্ষণে সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিদ্যুৎ গ্রাহকদের সমস্যা নিয়ে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে ওঠার কথাও জানান মানিক সরকার। তবে সরকারি সম্পত্তি ভাঙচুর বা দফতরে হামলার বিরোধিতা করে তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের আহ্বান জানান।
বিদ্যুৎ পরিষেবার সমস্যা দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে মানিক সরকার বলেন, ‘ফাঁকা প্রচার’ নয়, সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে বাস্তব পদক্ষেপ প্রয়োজন।



Leave a Comment