আগরতলা, ১৪ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তাঁর বক্তব্যকে ঘিরে মামলা দায়েরের খবর প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
মানিক সরকারের অভিযোগ, সম্প্রতি একটি সরকারি কর্মসূচিতে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যকে বিকৃত করে অসত্য তথ্য উপস্থাপন করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে সরকারের ব্যর্থতা ও দুর্বলতা থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর বক্তব্যের প্রকৃত বিষয়বস্তু উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্যে সেটিকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা সামনে এসেছে।
মামলাগুলির পেছনে শাসকদল ও সরকারের মদত রয়েছে বলেও অভিযোগ করেন মানিক সরকার। তাঁর বক্তব্য, মামলা দায়ের করে বিরোধীদের কাবু বা ভয় দেখানো সম্ভব নয়। বরং এ ধরনের পদক্ষেপ সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি।
মানিক সরকার আরও অভিযোগ করেন, ক্ষমতা ও প্রশাসনিক শক্তি ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। তবে এর মাধ্যমে বিরোধী রাজনৈতিক আন্দোলন থামানো যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এই পরিস্থিতির জবাব মানুষই দেবে বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আগামী দিনে মানুষের মধ্যে নতুন করে রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে বলেও দাবি করেন মানিক সরকার। ত্রিপুরা-সহ গোটা দেশে এই পরিস্থিতির বিরুদ্ধে মানুষ ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে মানিক সরকারের এই বক্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে এই ঘটনায় শাসকপক্ষের বক্তব্য কী, তা এখনও সামনে আসেনি।
Leave a Comment